২৪ আগস্ট ২০২৬, ১৫:৩৫

চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

গ্রেপ্তার ক্রেনচালক শামীম বিশ্বাস (মাঝে)  © সংগৃহীত

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ক্রেনের চাপায় নাফিসা নাওয়াল (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ক্রেনটির চালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাতে ইপিজেডের ফ্রিপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম বিশ্বাস বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন এবং চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ২২ আগস্ট সকালে নগরীর বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে চড়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজে যাচ্ছিলেন নাফিসা। সকাল পৌনে নয়টার দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে পৌঁছালে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় ছিটকে পড়েন।

ওই সময় বিমানবন্দর সড়ক থেকে সল্টগোলা ক্রসিংগামী একটি ক্রেন দ্রুত ও বেপরোয়া গতিতে এসে নাফিসাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নাফিসার বাবা মামুন বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।