২৪ আগস্ট ২০২৬, ০৯:০৭

পুলিশের মাদকবিরোধী র‍্যালিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা, সমালোচনা

মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা  © সংগৃহীত

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে পুলিশ।  সেই কর্মসূচিতে ব্যানার ধরে আছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুর নবী চৌধুরী। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শনিবার (২২ আগস্ট) কমলনগর থানা পুলিশের উদ্যোগে চর কাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাট মাদকবিরোধী এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, নুর নবী চৌধুরী বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। 

মাদকবিরোধী এ কর্মসূচিতে আওয়ামী লীগের এ নেতার উপস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। র‍্যালির একটি ছবিতে নুরনবী চৌধুরীকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের পাশে দাঁড়িয়ে ব্যানার ধরতে দেখা যায়।


স্থানীয়দের প্রশ্ন, মাদকবিরোধী জনসচেতনতামূলক একটি কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজন নেতার উপস্থিতি কীভাবে এবং কোন পরিচয়ে, এ বিষয়টি সংশ্লিষ্টদের পরিষ্কার করা প্রয়োজন।

এ নিয়ে স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন উদ্যোগ ইতিবাচক হলেও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে, এমন ব্যক্তির উপস্থিতি কর্মসূচির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, আমি সেদিন এলাকায় ছিলামনা, তবে এধরণের কেউ কখনো আমাদের সাথে স্থান পাবেনা, ফ্যাসিস্টদেরকে কখনো আমরা প্রশ্রয় দিবো না।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, মাদকবিরোধী র‍্যালিতে বর্তমান সরকারের যে রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তাদের থাকার কথা। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী এখানে থাকার কথা ছিল না। এরপরও যদি এমন হয়ে থাকে, তাহলে সেটি আয়োজকদের ব্যর্থতা। এ বিষয়ে আমি জানি না