২৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাবববন্ধন  © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে কচুয়া বাজারের রাজাপুর-কাঁঠালিয়া প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী ও সেফালী রানীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বক্তারা বলেন, কচুয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন তারা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে ব্যবসা করতে এসে কোনো ব্যবসায়ী যাতে সন্ত্রাসী হামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০) ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজা ফকিরকে আটক করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা করেন।