২৩ আগস্ট ২০২৬, ১৫:৩০

জানালার গ্রিল কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান মালামাল চুরি

জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করে চোর  © টিডিসি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস কক্ষ, ডিজিটাল ল্যাব ও রোবোটিকস কর্নারের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল সেখানে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাশিমপুর মনির আহমদ কামাল উদ্দিন আহমদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লিটন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রধান শিক্ষক মোহাম্মদ নোমান শফি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের নৈশপ্রহরী আবু সৈয়দ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘুমিয়ে গেলে চোরের দল এসব কক্ষের পিছনের জানালার গ্রিল কেটে ৪টি ডেক্সটপ, ২টি মনিটর, একটি ড্রোন ক্যামেরা, একটি সিসি টিভি ক্যামেরার ডিভিআর, ১২টি ওয়েব ক্যামেরা, একটি মেমোরি কার্ড, নগদ ২৫ হাজার টাকা ও চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, শনিবার সকাল ১১টার দিকে নৈশপ্রহরী আবু সৈয়দ চুরির বিষয়টি আমাকে অবগত করেন। এরপর আমি তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে এসে চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এর পরপরই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বর্তমানে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে অবস্থান করছেন বলে জানান।