২৩ আগস্ট ২০২৬, ১৩:৫৮

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

আব্দুল খালেক  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে আব্দুল খালেক হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন: নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।