২২ আগস্ট ২০২৬, ১৬:৪৯

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ নারীসহ ৪ জনের

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রামে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  © সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। নিহতের মধ্যে নিয়ামত আলী (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। এর মধ্যে ১১-১২ বছর বয়সী এক কন্যাশিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় আহত সাতজনকে ওসমানীতে আনা হলে হাসপাতালে চারজনের মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।