সড়কে কলাগাছ ফেলে ছুরি হাতে যুবক, দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কে কলাগাছ ফেলে এবং হাতে বড় ছুরি নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছেন এক যুবক। এতে ত্রিশাল-নান্দাইল সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম রমজান আলী (৩০)। তিনি মগটুলা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য কলিম উদ্দিনের ছেলে। রমজান মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ছয়টার দিকে রমজান আলী ধারালো ছুরি হাতে নিয়ে নাওরী এলাকায় সড়কের ওপর কলাগাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। ৯৯৯-এ ফোন পেয়ে সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন আকন্দ বলেন, ‘ছেলেটি প্রায় দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পরিবার তাকে চিকিৎসাও করাচ্ছে। আজ সকালে হঠাৎ ছুরি নিয়ে রাস্তায় মানুষ চলাচলে বাধা দেওয়া শুরু করেছিল। এখন তাকে আবার চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আজম বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। পরিবার দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করাচ্ছে। পাবনা মানসিক হাসপাতালেও তাঁকে কিছুদিন রাখা হয়েছিল। আজ সকালে হঠাৎ করে ছুরি নিয়ে সড়কে অবস্থান নেয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।