২২ আগস্ট ২০২৬, ১১:৫৬

সুন্দরবনে গাছের ডালে ঝুলছিলেন ৬ পর্যটক, ভাসছিলেন ৩ জন—৯৯৯ নম্বরে কল পেয়ে বাঁচাল নৌ পুলিশ

ডুবে যাওয়া বোট ও উদ্ধার হওয়া পর্যটকরা   © সংগৃহীত

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে নৌকা ডুবে যাওয়ার সময় নদীতে ভেসে থাকা ও গাছের ডাল ধরে ঝুলে থাকা ৯ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার কয়রার শিঙেরটেক সংলগ্ন রাই নদীতে এ ঘটনা ঘটে।

আংটিহারা নৌ পুলিশ জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরবনের শিঙেরটেক এলাকায় ভ্রমণ শেষে পর্যটকবাহী কাঠের ইঞ্জিনচালিত বোটটি রাই নদী দিয়ে ফিরছিল। পথে ডুবন্ত একটি মরা গাছের ওপর উঠে নৌকাটি পানিতে ডুবে যেতে শুরু করে। এতে নৌকায় থাকা পর্যটকরা বিপাকে পড়েন।

এ সময় কয়েকজন সাঁতরে নদীর কিনারে ওঠার চেষ্টা করেন। অন্যরা নৌকা ও গাছের ডাল ধরে পানিতে অবস্থান নেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বিষয়টি জানতে পারে আংটিহারা নৌ পুলিশ।

খবর পেয়ে পুলিশের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, তিনজন নৌকা ধরে নদীতে ভেসে আছেন এবং অন্য ছয়জন পানিতে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছেন।

পরে নৌ পুলিশের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে নদী থেকে নয়জনকে উদ্ধার করেন। তাদের টহল নৌকায় তুলে নিরাপদে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে উদ্ধার হওয়া সবাইকে প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়।

আরও দেখুন: ম্যানেজার পদে চাকরি দেবে এসিআই মোটরস লিমিটেড

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহিন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্লাহ (২২)।

অভিযানে নেতৃত্ব দেন এসআই দিদারুল আলম। তার সঙ্গে ছিলেন এএসআই মো. সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ ও হৃদয় তালুকদার।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুখ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ডিউটির সময় ৯৯৯-এর মাধ্যমে খবর পাই, কয়রার শিঙেরটেক এলাকায় রাই নদীর মাঝখানে পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়।’

তিনি বলেন, ‘পরে উদ্ধারকারী দল সেখানে গিয়ে তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে গাছের ডাল ধরে ভাসমান অবস্থায় পায়। এ সময় তাদের নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে ফাঁড়িতে নিয়ে আসা হয়।’

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।