কক্সবাজার থেকে ফেরার পথে ফের স্লিপার বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী
কক্সবাজার থেকে ফেরার পথে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাসের যাত্রী রায়হান জানান, তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তার সিট নম্বর ছিল এইচ-১। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পান। পরে আগুন দেখতে পান। তার অভিযোগ, আগুন লাগার বিষয়টি চালক বা হেলপার যাত্রীদের জানায়নি।
তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
আরেক যাত্রী মো. সোহেল রানা জানান, পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। বাসের ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও পোড়া গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি ভয়াবহ দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল কাছাকাছি হওয়ায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। একই সঙ্গে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর বাসটির যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি আগস্টেও দেশের বিভিন্ন মহাসড়কে বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।