২০ আগস্ট ২০২৬, ১৫:৩৮

মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি

মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি  © সংগৃহীত

ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি রামনেওয়াজ মাছঘাটের অনি চৌধুরীর গদিতে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) মেঘনা নদীতে মাছ ধরার সময় শরীফ মাঝির নৌকার জালে ইলিশটি ধরা পড়ে। বড় আকারের মাছটি ঘাটে আনার পর স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে রামনেওয়াজ মাছঘাটে মাছটির ওজন ও দরদাম শেষে অনি চৌধুরীর গদিতে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে শরীফ মাঝি বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জালে বড় ইলিশটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়ায় আমরা খুবই খুশি। পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।

আড়ৎদার অনি চৌধুরী বলেন, সচরাচর এ ধরনের বড় ইলিশ পাওয়া যায় না। মেঘনায় এখন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়।

স্থানীয় জেলেরা জানান, নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে জেলেদের মধ্যে উৎসাহ বাড়ে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় মাছ ধরার প্রতি তাদের আগ্রহও বৃদ্ধি পায়।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণে পরিচালিত সফল অভিযানের সুফল পাওয়া যাচ্ছে। নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেরা নিষেধাজ্ঞা মেনে আরও সচেতন হলে ইলিশের উৎপাদন ও আকার—দুটিই বাড়বে।