২০ আগস্ট ২০২৬, ১৪:৫৭
বিদ্যুৎ না থাকায় অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর
প্রায় ৭দিন ধরে বিদ্যুৎ না থাকায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ৯দিন ধরে বিদ্যুৎ না থাকায় ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা মিছিল নিয়ে আজ সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে হামলা চালায়। এসময় অফিসের দরজা-জানালা ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
ভাঙচুরের পাশাপাশি এসময় এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।