১৯ আগস্ট ২০২৬, ২০:১০

বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক

দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক  © সংগৃহীত

বরগুনার তালতলীতে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা (২৫) ও জামাল মল্লিক (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লিমন সিকদার (২৮) ও অনিক মজুমদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাবতলী গ্রামের একটি বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেওয়া ছিল। গত রোববার সেখানে কয়েকজন লোক আসেন। এরপর তিন দিন ধরে তাদের ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে স্থানীয়রা ওই বাসায় যান।

এ সময় জিহাদ খাঁন পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করেন। পরে স্থানীয়রা জিহাদসহ পাঁচজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় পিস্তল ও গুলিসহ পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।