১৯ আগস্ট ২০২৬, ১৭:১০

পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর

নারী বাসচালকের সঙ্গে তার স্বামী, সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এই দম্পতি।   © ভিডিও থেকে সংগৃহীত

স্বামীর অনুপ্রেরণায় সংসার সামলে পিংক বাসের চালক হয়েছেন একজন নারী। সেই স্বামীকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, গাড়ি চালানোর কারণে আপনার স্ত্রী সংসারে কম সময় দেওয়া লাগতে পারে। সেই জায়গায় আপনার কোন অভিযোগ আছে?

উত্তরে স্বামী বলেছেন, ‘যদি আপনি অভিযোগ ধরেন, পৃথিবীতে সব কিছুতেই অভিযোগ। আর যদি ছেড়ে দেন, পৃথিবী সুন্দর। সব কিছু (নির্ভর করে)  আপনার মেন্টালিটির ‍ওপর। আপনি কিভাবে নিচ্ছেন পৃথিবীকে!’

এ সময় স্বামীর  অনুপ্রেরণার কথা স্বীকার করে ওই নারী চালক বলেছেন, ‘আমার এই পেশায় আসার ফাস্ট টু লাস্ট আমার হাজবেন্ড। উনি যদি না চাইতো তাহলে হতো না। আমি তো আগে গাড়িতেই উঠতে ভয় পাইতাম। ছোটবেলা থেকে আমি গাড়িতেই যাতায়াত করতাম না। গাড়িতে উঠলে আমি অসুস্থ হয়ে যাইতাম। উনি (স্বামী) আমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছে, তুমি একদিন তুমি গাড়ি চালাবা বা তুমি প্রশিক্ষক হইবা। ফাস্ট টু লাস্ট উনি হেল্প করাতে আমি এতটুকু আসতে পারছি। নাইলে আমি আসতে পারতাম না।’

তিনি আরো বলেন, ‘আমি নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টারের একজন প্রশিক্ষক। আমি গত দুই আড়াই বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি। প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমরা চেয়ারম্যান স্যারের কথাতে আমরা বিআরটিসি আছি মহিলা সার্ভিসে আসছি।’

আপনার স্ত্রী পিঙ্ক কালারের বাস সার্ভিসে সেখানে ড্রাইভিং করবেন। আপনার পক্ষ থেকে কি অনুপ্রেরণা ছিল? সাংবাদিকের এমন প্রশ্নে ওই নারী চালকের স্বামী বলেন, প্রথম কথা হচ্ছে এটা শুধু তাঁর একার সিদ্ধান্ত নয়। ওইখানে আমার সিদ্ধান্তও রয়েছে। কারণ একটি ফ্যামিলিতে দুজনেরই সেক্রিফাইস করা দরকার। আমরা বাপ ছেলে বা আমার অন্যান্য ভাইয়ের বউরা যতটা ত্যাগ স্বীকার করেছি, সবার সেক্রিফাইসের রেজাল্ট হলো উনি আজ গাড়িটা চালাইতে পারছে।