ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না জিসানের, টমটমের ধাক্কায় গেল প্রাণ
ভোলার লালমোহনে স্কুলের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় জিসান (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিসান গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়াশোনা করত। দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে যায় সে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি থানায় জানিয়েছেন। দুর্ঘটনার পর টমটমটি তাদের হেফাজতে রয়েছে। শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের মৃত্যু সনদ সংগ্রহ করতে বলা হয়েছে। তারা থানায় এসে আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।