সড়কে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি, তরুণের প্রকাশ্যে গুলিবর্ষণ-গালাগালের ভিডিও ভাইরাল
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গুলি ছোড়ার এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে প্রাইভেটকারটি সাইড করে রাখার জন্য বলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায় ওই যুবককে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঘটনাটি দেখেছি। দেখার পর সেখানে আমরা ফোর্স পাঠিয়েছিলাম। তবে প্রাথমিকভাবে আমরা ঘটনার ঘটনার সত্যতা জানতে পারিনি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।