১৬ আগস্ট ২০২৬, ১৬:৪৫

পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

স্কুলছাত্রী জুঁইয়ের স্বজনের কান্না  © টিডিসি

বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বাবার সঙ্গে ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে আসে জুঁই। পরে এক বান্ধবীর সঙ্গে পায়রা নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় জুঁই। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

জুঁইয়ের সঙ্গে থাকা বান্ধবী রিয়া বলেন, ‘প্রথমে জুঁই নদীতে নামে। পরে আমিও নামি। আমরা দুজন দুষ্টুমি করছিলাম। একপর্যায়ে আমি নদীর এক পাশে চলে যাই। তখন জুঁইকে ঠিকঠাকই দেখেছি। হঠাৎ আমার পা পিছলে যায়। এর মধ্যে সামনে থেকে একটি ট্রলার আসে। তখন আমি প্রায় ডুবে গিয়েছিলাম। পরে কোনোভাবে পানি থেকে উঠে আসি। এরপর ফিরে দেখি, জুঁই আর ওই পাশে নাই।’

আরও পড়ুন: অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

খবর পেয়ে বরগুনা সদর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় এখন পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, নদীতে স্কুলছাত্রীর নিখোঁজের খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ জুঁইয়ের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।