সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভোলার লালমোহনে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পশ্চিম চরউমেদ এলাকায় সড়ক পার হওয়ার সময় দৌড়ে রাস্তা পার হচ্ছিল আব্দুল্লাহ। এ সময় একটি অটোরিকশার নিচে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা আহত শিশুটিকে ওই অটোরিকশায় করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল। তার নানা মৃত জালাল আহমেদ ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।