১৬ আগস্ট ২০২৬, ১৫:০৭

অন্য এক গাড়ির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ  © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মিনি কাভার্ড ভ্যানের চালক আল আমিন শিকদার (৩৫) নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাসিন্দা।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, সকালে মিনি কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সেটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।