১৬ আগস্ট ২০২৬, ১৪:৫২

উখিয়া-টেকনাফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎ  © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উখিয়া ও টেকনাফ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টির মধ্যে মরিচ্যা বিজিবি চেকপোস্টসংলগ্ন সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছ আকস্মিকভাবে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, ভারি বৃষ্টির সময় সড়কের পাশে থাকা একটি বড় রেইনট্রি গাছ হঠাৎ বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে। এতে চারটি খুঁটির সমন্বয়ে নির্মিত বক্স পোল ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৩ কেভি মেইন লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে উখিয়া-টেকনাফের পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গাছ অপসারণ ও দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে নিরাপদে গাছটি অপসারণে সহযোগিতা করছেন তারা।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হিসাবে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উখিয়া-টেকনাফ এলাকায় অন্তত তিন লাখ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, মোবাইল যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রায়ও এর প্রভাব পড়েছে।তবে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া কার্যালয়ের ডিজিএম কায়জার নুর বলেন, গাছ পড়ে ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে উখিয়া-টেকনাফ দুই উপজেলাসহ মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।