১৬ আগস্ট ২০২৬, ১৪:৩৯

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক

বিজিবির অভিযান জব্দ করা মদ  © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মদের সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় জড়িত চারজন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (১৬ আগস্ট) উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার বৈষ্ণবপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মদ চোরাচালানের সঙ্গে চারজন জড়িত রয়েছে। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ কর্তৃপক্ষের, কেন্দ্র ৭ শহরে

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোরতা অব্যাহত থাকবে।