গাজীপুরে গরুবাহী পিকআপ, অটোরিকশা ও বাসের সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন (৩০) এবং একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী (৪৩)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে আটটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে পিকআপটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে পিকআপটি একটি বাসে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।