১৬ আগস্ট ২০২৬, ০৯:১৭

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু   © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আমেনা আক্তার (১১) ও আয়েশা বেগম (১০) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আমেনা ও আয়েশা বেগম উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার হাফেজ মো. ইউনুসের মেয়ে।

আরও পড়ুন: নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
 
স্থানীয় অ্যাডভোকেট মারুফ বিন কবির জানান, হেফজখানায় চাকরির সুবাদে মো. ইউনুস পরিবার নিয়ে কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরের পর আমেনা ও আয়শা বাসার অদূরে বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুই বোন পানিতে ডুবে যায়। পরে বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে গেলে পানির মধ্যে তাঁর পায়ে একজনের মরদেহের স্পর্শ লাগে। এরপর তিনি পানিতে নেমে দুই বোনের মরদেহ উদ্ধার করেন। পরে তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল হক শিহাব বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।