নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনার পূর্বধলায় বাড়ির সামনের পুকুরে ডুবে রাহাত হাসান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁন্দাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাহাত ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করার এক পর্যায়ে স্বজনদের অজান্তে সামনের পুকুরের কাছে চলে যায়। অসাবধানতাবশত সে পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।