অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার
ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিন্টুকে (২৫) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে, ফেনীর চার অপহরণ মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মিন্টু হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার আবুল হাশেমের ছেলে।
আরও পড়ুন: ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরির মতো অপরাধের একটি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।