সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতিক সরঞ্জাম উধাও
চট্টগ্রামের সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিদ্যালয়ের পুরোনো ভবনের তৃতীয় তলায় ঢুকে ১৫টি সিলিং ফ্যান, বৈদ্যুতিক তার ও লাইট খুলে নিয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জালাল আহমদ।
তিনি বলেন, চোরের দল পুরাতন ভবনের তৃতীয় তলায় প্রবেশ করে বিভিন্ন কক্ষ থেকে ১৫টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়। একই সঙ্গে তারা বৈদ্যুতিক তার ও লাইটও চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চুরি হওয়া সরঞ্জামগুলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দ্রুত চোরের দলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।