১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৭

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গিয়েছে পিকআপ।  © টিডিসি ছবি

নেত্রকোনার পূর্বধলায় পিক-আপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনপুরস্থ হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এর মাজারের উদ্দেশ্যে তার ভক্তবৃন্দ একটি পিক-আপ ভ্যান চড়ে আজ বৃহস্পতিবার বিকাল অনুমান পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের এক নারী ও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৫/৬ জন যাত্রী মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরো ২ যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ৩ জন পুরুষ ও এক নারী যাত্রী সহ চার যাত্রী নিহত হয়েছে। অন্য যাত্রীদের অবস্থাও আশংকা জনক।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক-আপ ভ্যান আর সার বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত চার জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় আধাঘন্টা পর  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।