১৩ আগস্ট ২০২৬, ১৯:৪০

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রদের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ 

ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।   © টিডিসি ছবি

‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল’ স্লোগান নিয়ে জেলা জুড়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরন, যুগ্ম আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, সাজ্জাদ হোসেন শুভ, আরাফাত হোসেন মেহেরাজ, রাকিবুল ইসলাম, ছাত্রদল নেতা হাসিব গাজি, পাপনসহ আরো অনেকে৷ 

জেলা ছাত্রদলের তথ্যমতে, পৌরসভা ছাত্রদল পৌর শহীদ স্মৃতি একাডেমীতেও ফুটবল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আকবর মুন্না। 

সদর পশ্চিম ছাত্রদল রসূলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পালের হাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান। 

সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়েও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরী। এছাড়া জেলার রামগঞ্জ, রামগতি, রায়পুর, কমলনগর ও চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রের মাঝে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক ব্যায়াম এবং সৃজনশীল মনন বিকাশের লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করি। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শারীরিক ব্যায়াম এবং তারা যেন যেকোনো খারাপ কাজ থেকে বিরত থাকে সেজন্য আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম সামনেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’