১৩ আগস্ট ২০২৬, ১৮:৪৪

শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

ক্ষতি হওয়া কলাবাগানে চাষি।  © টিডিসি ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে এক একর জমির কলাবাগানে পচনশীল কীটনাশক ছিটিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের কৃষক হুমায়ুন মোল্লার কলাবাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কৃষক হুমায়ুন মোল্লা জানান, চার দিন আগে তিনি তাঁর কলাবাগানে গিয়ে একই গ্রামের দুই যুবককে বাগান থেকে বের হতে দেখেন। এ সময় তাদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাঁর ক্ষতি করার হুমকি দেয় বলে দাবি করেন তিনি।

হুমায়ুন মোল্লা বলেন, ‘এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে দেখি, আমার প্রায় ৭০০টি কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে। এতে গাছগুলোর কলা পচে গেছে। এ ঘটনায় আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মুকসুদপুর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি কলাবাগানটি পরিদর্শন করেছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন মোল্লাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষক হুমায়ুন মোল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিষয়টি জানানোর পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগানের সাত শতাধিক কলাগাছে পচনশীল কীটনাশক স্প্রে করা হয়েছে এবং এতে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এতে কৃষক হুমায়ুন মোল্লার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।