১৩ আগস্ট ২০২৬, ১৫:৫১

কক্সবাজারে বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনাকবলিত লাল সবুজ পরিবহনের বাস  © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়াতে জিপের সঙ্গে বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) ও আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ। একই সময়ে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি জিপ চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি জিপটিকে সজোরে চাপা দেয়। এতে জিপটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও জিপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।