বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের পর বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও প্রবেশদ্বারে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, ডিউটিরত অবস্থায় তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলের কাছে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। ককটেলটি কেউ সেখানে ফেলে রেখে গিয়েছিল, নাকি আগে থেকেই পুঁতে রাখা ছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান। পরে কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আদালতের বিচারকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, বিস্ফোরণটি কীভাবে ঘটেছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনায় কেউ হতাহত হননি। বিস্তারিত জানতে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন বলেন, ফ্যাসিস্টের দোসররা, যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করি। তাদের গ্রেপ্তার না করার কারণেই দেশ অশান্ত হয়ে পড়েছে।
তবে পুলিশ এখনো বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি। বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।