১১ আগস্ট ২০২৬, ১২:১৮

ফরিদপুরে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জরিমানা

অভিযানে জব্দ করা হাইড্রোলিক হর্ন  © সংগৃহীত

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ছয়টি পরিবহনকে পৃথক ছয়টি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প’-এর আওতায় ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছা. জান্নাতুল সুলতানা। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ফরিদপুর সদর থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ বাড়ছে এবং এতে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের অভিযানে সড়কে নিষিদ্ধ হর্নের ব্যবহার কমবে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।