১০ আগস্ট ২০২৬, ১৩:৫৭

এসএসসিতে পেয়েছে ‘এ’ গ্রেড, কখনো এই ফল জানা হবে না কাজী রেজার

কাজী রেজা  © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় ৪.১১ জিপিএ পেয়েছে হবিগঞ্জের বাহুবলের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। কিন্তু কাঙ্ক্ষিত ফল জানার আগেই না ফেরার দেশে চলে গেছে সে। ফল প্রকাশের এক দিন আগে রবিবার (৯ আগস্ট) হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় রেজা।

কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। পরে তার মৃত্যু হয়। তখন তার পরিবার ও স্বজনেরা অপেক্ষায় ছিলেন এসএসসির ফল প্রকাশের। আজ সোমবার ফল প্রকাশের পর জানা যায়, কাজী রেজা ৪.১১ জিপিএ পেয়েছে।

কিন্তু যে ফলাফলের জন্য রেজা ও তার পরিবার অপেক্ষা করছিল, সেই ফল হাতে আসার আগেই না ফেরার দেশে চলে যায় সে। ফলে রেজার ভালো ফলের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা। প্রিয় সহপাঠীর মৃত্যুর খবরের পর তারাও ভেঙে পড়েছে। রেজার এমন আকস্মিক মৃত্যুতে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়।