ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।
শিক্ষার্থীরা জানায়, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদ এবং মহাসড়ক পারাপারে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রবিবার বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। মাদ্রাসার সামনে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলে, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আর কোনো শিক্ষার্থী যেন এভাবে প্রাণ না হারায়, সে জন্য দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা করতে হবে।’
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।