ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সাতক্ষীরার তালা উপজেলায় মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজেদের জমিতে ধান রোপণের জন্য ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে যান চিত্তরঞ্জন। সেখানে শ্রমিকদের সঙ্গে তিনিও ধান রোপণের কাজে অংশ নেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন গুরুতরভাবে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোপালপুর গ্রামের বাসিন্দা শ্যামল বিশ্বাস জানান, বজ্রপাতের পর চিত্তরঞ্জনের শরীরে আগুন ধরে যায়। পাশে থাকা অন্য কৃষকরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।