০৮ আগস্ট ২০২৬, ১৩:৫৭

বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক

জব্দ কর গরুসহ যুবদল কর্মী শরিফুল  © টিডিসি

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামারের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে দুটি গরু উদ্ধারসহ শরিফুলকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সঙ্গে জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় ওই যুবদল কর্মীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। 

আটক শরিফুল ইসলাম প্রধান ওই এলাকার মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। জেলা যুবদলের পরিচয়ে তার নিজের ছবি সংবলিত ব্যানারের ছবি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার ওই এলাকায় একজনের গরু চুরি হয়। ঘটনাটি মৌখিকভাবে সদর থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এর মধ্যে ওই এলাকায় চুরি করা গরু প্রবেশের গোপন খবর আসে পুলিশের কাছে। পরে অভিযান চালিয়ে যুবদল কর্মী শরিফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘আমরা চাই অপরাধীর বিচার হোক। সে যেই হোক না কেন। দল অপরাধী তৈরি করে না। অপরাধীরা দলে মিশে থাকে। সে ক্ষেত্রে তার দায় দল বা সংগঠনের ওপর বর্তায় না।’

যুবদলের নাম ব্যবহার ও তার ছবি সম্পর্কে এই যুবদল নেতা বলেন, ‘বিভিন্নভাবে এরা নেতাদের সঙ্গে ছবি তোলে। পরে সেগুলো নানাভাবে ব্যবহার করে অপরাধ করে। সবাইকে তো আর আইডেন্টিফাই করা যায় না। এদের প্রকৃত পরিচয় জানার পর কেউ তো তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরুচোর চক্রের সদস্য শরিফুলকে আটক করে থানায় আনা হয়েছে। তার দলীয় কোনো পরিচয় রয়েছে কি না, জানা নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুলের থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, ‘দুটি গরুর একটির মালিকের সন্ধান আমরা পেয়েছি। তার থেকে মামলা নেয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’