০৬ আগস্ট ২০২৬, ১৪:১৪

গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ফরিদপুরে স্মারকলিপি

ফরিদপুরের জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন ১১-দলীয় ঐক্যের নেতারা  © টিডিসি

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, অভিযোগ করা অতিরিক্ত বা ভুয়া বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ফরিদপুরে স্মারকলিপি দিয়েছে ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গ্যাসের অভাবে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা, হাসপাতালের চিকিৎসাসেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

এতে আরও উল্লেখ করা হয়, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্ন গ্যাস ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পুনর্বিবেচনা, অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনভোগান্তি নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া।

স্মারকলিপিতে জনগণের জীবনমান উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন, ১১-দলীয় ঐক্যের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফরিদপুর জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, পৌর শাখার সভাপতি ড. এহসানুল মোহাম্মদ রুবেলসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে নেতাকর্মীরা মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।