টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ বছরের শিশুর
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুরে ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুনুশি। সে ওই ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকে চলমান ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্পের বিভিন্ন পাহাড়ি এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে এপিবিএন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হয়েছে।
প্রতি বর্ষা মৌসুমেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যায়। অব্যাহত বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। গত মাসেও পৃথক পাহাড় ধসের ঘটনায় অন্তত ১৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়।
এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর এবং পাহাড় ধস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।