‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু করা হয়েছে’
ভূমি ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি জনগণের দল ও জবাবদিহিতামূলক দল হওয়ায় কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না। সব অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা ও মতবিনিময় করেই প্রয়োজনীয় সংবিধান সংস্কার ও সংশোধনের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রথম ৫ আগস্ট আসার আগেই অঙ্গীকার অনুযায়ী এই সংস্কার কাজগুলো শুরু করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের নিউমার্কেট এলাকার রেলস্টেশন কম্পাউন্ডে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন বলেন, এই দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন করা, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব ধরনের বৈষম্য দূর করা।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী বারবার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই অনুযায়ী জুলাই জাতীয় সনদ ২০২৫-এ যেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, সেই আলোকেই সব সংস্কার বিএনপি বাস্তবায়ন করবে।
শেষে তিনি চট্টগ্রাম বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব প্রকাশ্য ও অপ্রকাশ্য জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।