০৫ আগস্ট ২০২৬, ১২:৪৯

বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শরীফের

তালগাছের চারা রোপণ করা হচ্ছে  © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে ঠাকুরদীঘি থেকে ছত্তরভূঁইয়ারহাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০ তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন প্রকৃতিপ্রেমী ও তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় রাস্তার পাশে কয়েকটি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফামর্স অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ উদ্দিন, নাছির উদ্দিন বলি, সোহরাব উদ্দিন ,আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আইনুল কবির রিপন , আইনুল হোসেন , ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিন, বিএনপি নেতা শহিদ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘আমাদের দেশ থেকে তালগাছ ও খেঁজুর গাছ অনেকট হারিয়ে যাচ্ছে। তালগাছ বজ্রপাত রোধে খুবই উপকারি। শরীফ ভাই সড়কের দুপাশে তালগাছের চারা রোপণের উদ্যোগটি প্রশংসনীয়।’ সবাইকে গাছের যত্ন করার অনুরোধ করেন তিনি।

উদ্যোক্তা ওমর শরীফ বলেন, ‘প্রতিবছর উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারবাহিকতায় এবং বজ্রপাত রোধে ঠাকুরদীঘি থেকে ছত্তরভূঁইয়ারহাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে ২ হাজার ৩০০ তাল গাছের চারা রোপণ করা হবে।’