যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. রাশেদ (৩০)। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে শহরের নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে মণিহারের দিকে যাচ্ছিলেন রাশেদ। পথিমধ্যে শহরের নিউমার্কেট এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না বলে জানা গেছে।
ঘটনার পরপরই নিউমার্কেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাশেদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত মো. রাশেদের বাড়ি যশোর শহরের ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।