মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইমাম নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) ও চরশরৎ এলাকার আবদুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি একটি কাজ শেষ করে দুই ইমাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।