০২ আগস্ট ২০২৬, ০১:৫১

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর মরদেহ উত্তোলন  © টিডিসি

জামালপুরের মেলান্দহ উপজেলায় জিনের আসরের দাবিতে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা(৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তবে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (০২ আগস্ট) রাত ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নে নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম (৬৫) উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই নারীর মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনের আসর হয়েছে। তাদের মাধ্যমে জিনের নির্দেশ এসেছে যে ওই নারী জীবিত আছেন এবং তাকে কবর থেকে উত্তোলন করতে হবে।

এ দাবির পর শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাকে মেলান্দহে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে নেওয়ার পর ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে ওই নারীকে মৃত বলে নিশ্চিত করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে নিয়ে যান।

তবে এ ঘটনায় কথা বলেনি পরিবারের সদস্য ও চিকিৎসকেরা।

পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।