ফেনীতে ছাত্রলীগের মিছিল; ৭৫ জনকে আসামি করে মামলা, কারাগারে ৩
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৭৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় দুজন এবং সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ ও আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় এজাহাভুক্ত আসামিরা হলেন-ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব (৩০), একই এলাকার জিএস বিপ্লব (২৬), লেমুয়ার মহিউদ্দিনের ছেলে আশিক বিন সাইফ (২৪), একই এলাকার ফটিক মিয়ার ছেলে মাহিন (২১), পশ্চিম সিলোনিয়া গ্রামের লাল শাহ আলমের ছেলে আবদুল কাদের জিলানী রাহুল (৩২), গোবিন্দপুর হাজীর বাজারের বাবুল মেম্বারের ছেলে তুষার (২৩), ফরহাদনগরের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম শাহীন (২২), মধ্যম ফরহাদনগরের মো. বাহারের ছেলে মো. ইয়াছিন বাবু (২২), ইয়ারপুর ৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে সালমান এফ রহমান অভি (২৫), গোবিন্দপুরের নুরুল আফসারের ছেলে নুর হোসেন (২৫), লেমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৬), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৬), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল বসরের ছেলে শরীফুল ইসলাম (২৫), ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে ইমরান হোসেন (২১), একই ওয়ার্ডের হেলাল আহম্মদের ছেলে অভি (১৮), সিলোনিয়ার ফকির আহম্মদের ছেলে রিয়াদ (৩০), পশ্চিম সিলোনিয়া গ্রামের আবদুল হকের ছেলে ইমাম হোসেন (৩০), গোবিন্দপুরের কালা মিয়ার ছেলে রাকিব (২২), লেমুয়ার উত্তর চাঁদপুরের লাতু মিয়ার ছেলে জহির উদ্দিন মানিক (৩১), গোবিন্দপুর কলঘর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে নজরুল ইসলাম সুমন (২৭), পশ্চিম সিলোনিয়ার খাইজ আহম্মদের ছেলে মাঈন উদ্দিন তারা (৩২), ছনুয়া ইউনিয়নের সজিব দাশ (২৩), ফরহাদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবুল সওদাগরের ছেলে আসাদুজ্জামান জুয়েল (২৮), বালিগাঁও এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে জাফর ইকবাল (২৫) এবং ফরহাদনগরের ৩ নম্বর ওয়ার্ডের মাহবুব রহমানের ছেলে শেখ বিজয় (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার ৬ নম্বর কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়া দাশের পোল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এ ঘটনায় এজাহারনামীয় নাজমুল ইসলাম শাহীন (২২) ও মো. ইয়াছিন বাবু (২২) এবং সন্দেহভাজন হিসেবে শাহ আলম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মিছিলের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত শুক্রবার ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।