শাহপরীর দ্বীপে সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়ার ট্রলার মালিক সমবায় সমিতি সভাপতি আবদুল গফুর জানান , দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে গিয়ে পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ বেড়িবাঁধের সঙ্গে আটকে থাকা অবস্থায় দেখতে পান তিনি। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। তাঁরও ধারণা- এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর ধারণা, এটি রোহিঙ্গা কোনো ব্যক্তির মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১৪ জন নিখোঁজ রয়েছেন।