০১ আগস্ট ২০২৬, ১৯:৩২

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ 

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তিনি এক পুলিশ সদস্যের বাবা। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন।
 
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা শহরের শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশনের আনুমানিক ৩০০ গজ উত্তরে ব্রহ্মপুত্র নদে তার লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা।
 
নিহত নূর নবী পাটোয়ারী তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন বাংলাদেশ পুলিশের কিশোরগঞ্জ ডিএসবিতে কর্মরত। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে নিজ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পুলিশ সদস্য মকবুল হোসেন ও তার বাবা। পথিমধ্যে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন তারা। পরে বাবাকে দাঁড় করিয়ে রেখে সিএনজি অটোরিকশার খোঁজে যান। কিন্তু সিএনজি নিয়ে ফিরে এসে তিনি আর বাবাকে সেখানে পাননি।
 
ভারসাম্যহীন থাকায় নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না বৃদ্ধ নূর নবী। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে। অবশেষে শনিবার বিকেলে শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশনের কাছে নদের পানিতে তার লাশ ভেসে ওঠে।
 
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নিহতের ছেলে কোতোয়ালি থানায় জিডি করেছিলেন। পরে নদে লাশ পাওয়া যায়।

এদিকে নিহতের অপর ছেলে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদের ইমাম রাকিবুল ইসলাম জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যুর পেছনে কারও কোনো হাত বা সন্দেহ নেই। তারা কোনো মামলা-মোকদ্দমা করতে চান না। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় লিখিত আবেদন করেছেন তারা।