৪ তলা থেকে পড়ে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামের আনোয়ারায় চারতলা ভবনের বারান্দা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামের এক শিশুর প্রাণ গেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। তারা ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘরের বারান্দায় চলে যায়। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো ধরনের বেষ্টনী না থাকায় একপর্যায়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, বহুতল ভবনের বারান্দায় নিরাপত্তা গ্রিল না থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই শিশুদের নিরাপত্তায় ভবনের বারান্দায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।