শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে ৪ বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় ৪ বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত থাকে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।