মজুরি ৫০০ টাকা করার দাবিতে হবিগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ
হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে তেলিয়াপাড়া চা-বাগানে বিক্ষোভ করেছেন শ্রমিক, শিক্ষার্থী ও যুবকেরা। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে চা-বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। চা শ্রমিক নেতা গীতা রানি কানুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন।
বিক্ষোভকারীদের দাবি, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে জাতীয় সংসদে উত্থাপিত মজুরি-সংক্রান্ত প্রস্তাব দ্রুত কার্যকর করা। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান মজুরিতে শ্রমিকদের পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন।
এ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
বিক্ষোভে বক্তারা বলেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকেরা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ইউনিয়নের নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন।
কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বিক্ষোভকারীরা জানান।