ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর খালে মিলল তরুণের মরদেহ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর খালে সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক তরুণের মরদেহ। ঘটনাটি ময়মনসিংহের ভালুকা উপজেলার।
আজ শুক্রবার সকালে উপজেলার বিত্তাগুন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সাব্বির উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছেই লালিত-পালিত হন। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেন সাব্বির। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা থানার পুলিশ কর্মকর্তা সায়মন বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’