ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ হাওলাদার (২৩) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাওলাদার মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে। তিনি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও নিহতের বন্ধুদের সূত্রে জানা যায়, গত বুধবার আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে কুয়াকাটায় বেড়াতে যান। শুক্রবার সকালে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বৃষ্টির কারণে খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে কিছু সময় অপেক্ষা করার পর পুনরায় যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী ‘গ্রীন লাইন পরিবহন’-এর একটি বাসের নিচে চলে যায়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফতাব উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহিদের মৃত্যু হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।